বিদেশ যেতে সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সির বাইরে অন্য কোনো এজেন্সির সঙ্গে লেনদেন না করার জন্য সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। রোববার (১০ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি দুটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয় যে, ড্রেম হোম ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোকজন পাচার হয়েছে। কিন্তু মন্ত্রণালয় খোঁজ নিয়ে জেনেছে সেই এজেন্সির সরকার অনুমোদিত মেয়াদ ২০২১ সালে শেষ হয়েছে। ফলে আর কেউ যেন এমন প্রতারণার শিকার না হয় এজন্য সতর্কবার্তা দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিবন্ধন এবং নিবন্ধিত এজেন্সির যথাসময়ে নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা করা বেআইনি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধন নেওয়ার পর অনেক ট্রাভেল এজেন্সি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও কিংবা নিবন্ধন ছাড়াই ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে এবং গ্রাহকের সঙ্গে বিভিন্ন প্রতারণা ও হয়রানি করছে।
এই হয়রানি ও প্রতারণা রোধকল্পে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ এজেন্সির সঙ্গে আকাশ পথে ভ্রমণ কিংবা ট্রাভেল ও ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সেই সঙ্গে যেকোন ট্রাভেল এজেন্সি নিবন্ধিত কিংবা মেয়াদোত্তীর্ণ কিনা তা টিকেট বা ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যাচাই করে নিতে হবে, যাতে ভ্রমণকারীরা কোনো ধরনের আর্থিক ক্ষতি কিংবা প্রতারণার মুখে না পড়েন।
এমআইকে/ক.ম




