আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় এ নির্দেশনায় দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অপরাধীকে গ্রেফতার করতে হবে।
ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, পশুর হাটগুলোর আশেপাশে যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন গুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে হবে।
মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একেএস/এএইচ




