মোবাইল ফোনের কল লিস্টের বিবরণ এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগে একজন অ্যাপ ডেভেলপার যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৭ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মো. আরমান হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়ের উত্তর রহিমপুর গ্রামের আব্দুল মান্নান এর সন্তান।
সিআইডি জানায়, সিআইডির সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন মনিটরিংয়ের সময় সিয়াম হাওলাদার (Siam Howlader) নামে একটি ফেসবুক আইডি নজরে আসে। যেখানে দেশের নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল তথ্য যেমন- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পূর্ণাঙ্গ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ/রকেট/নগদসহ বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং মামলা সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিআইডি অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৩ অক্টোবর রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে কমলনগর থানা এলাকা থেকে মো. সিয়াম হাওলাদারকে (২৩) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্ক ও অন্যান্য আলামত জব্দ করা হয়। তার স্মার্টফোনে ‘সব এখানে’ (Sob Akhane) নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যায় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ‘সব এখানে’ নামে একটি অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করে। এ ঘটনায় গত ১৪ অক্টোবর পল্টন থানায় মামলা করা হয়।
পরবর্তীতে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর খুলনার কয়রা থেকে চক্রের আরেক সদস্য আল আমিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চলতি বছরের ৫ মে রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় অভিযান চালিয়ে অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপার মো. আরমান হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড (যার মধ্যে ৩টি বিকাশ মার্চেন্ট সিম) এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরমান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপিংয়ের কাজে দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে পূর্বে গ্রেফতার আসামি মো. আল আমিনের নির্দেশনা অনুসারে sobakhane.xyz, sobakhane.online, sobakhane.info নামীয় ওয়েবসাইটগুলো তৈরি করে।
পরবর্তীতে ‘সব এখানে’ নামে অ্যাপ তৈরি করে এই চক্রের অন্যান্য আসামিদের সহযোগিতায় দেশের নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল তথ্য যেমন- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সম্পূর্ণ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ/রকেট/নগদ অর্থাৎ এমএফএস অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিবরণী এবং মামলা সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিভিন্ন তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করে।
একেএস/ক.ম




