সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (৬ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক মি. জিন পেসমে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে সহযোগিতা জোরদারের আশ্বাস দেওয়া হয়।
এমআর




