প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন।
বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ১৬ মে চাঁদপুর সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে খাল খনন কার্যক্রম উদ্বোধন অন্যতম।
তিনি আরও বলেন, সারা দেশে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় এ কর্মসূচির উদ্বোধন হয়েছে। স্থানীয় মন্ত্রী ও সাংসদরা নিজ নিজ এলাকায় এ কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। বর্ষা শুরু হওয়ায় মে মাস পর্যন্ত কাজ চলবে। এরপর বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবারও খাল খনন কার্যক্রম শুরু করা হবে।
মন্ত্রী জানান, মে মাসে প্রধানমন্ত্রীর দুটি জেলা সফর নির্ধারিত হয়েছে—১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী।
সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
এআর




