মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

শাপলা হত্যাকাণ্ড: বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। এর পরেই তিনি দাবিগুলো উপস্থাপন করেন—


বিজ্ঞাপন


১. শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ২. আহতদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩. শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ৪. শহীদ ও আহত পরিবারের জন্য শিক্ষা ভাতা চালু করতে হবে। ৫. শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ অন্যান্য গণহত্যার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ৬. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শাপলা আন্দোলন অধিদপ্তর গঠন করতে হবে।  

আবদুল্লাহ আল জাবের বলেন, গত ১৫ দিন ধরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়। এসব সাক্ষাৎকারে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু আর্থিক সহায়তা দেওয়া হলেও শহীদ ও আহতদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আবদুল্লাহ আল জাবের গণমাধ্যমের একটি অংশের সমালোচনা করে বলেন, অতীতে শাপলা চত্বরের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কিছু গণমাধ্যম শব্দচয়ন ও উপস্থাপনার মাধ্যমে ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করেছে।

তিনি বলেন, শুধু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিরাই নয়, যারা এ ঘটনাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে শাপলা চত্বরের পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করবে।


বিজ্ঞাপন


বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ঘটনার তদন্তে কমিশন গঠন করা হলেও শাপলা চত্বরের ঘটনায় কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার যেহেতু নির্বাচিত, তাই দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা আর প্রতি বছর একই দাবিতে রাজপথে দাঁড়াতে চান না। আগামী বছরের মধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন গণআন্দোলন ও গণহত্যা নিয়ে গবেষণা ও সংরক্ষণের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর গঠন করতে হবে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হতে পারে।

এএইচ/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর