মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে টাকা আদায়, গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে টাকা আদায়, গ্রেফতার ১

জুয়ার টাকা ম্যানেজ করার জন্য স্বনামধন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে তার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। পরে এ ঘটনায় মামলা হওয়ার পর রিহাদ হাসান (২৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (৪ মে) রাতে তাকে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর গ্রামস্থ একটি তেল পাম্পের বিপরীতে চা দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।


বিজ্ঞাপন


রিহাদ ঝিনাইদহ জেলার সদরের গড়িয়াল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

তাকে গ্রেফতারকালে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় এবং মোবাইল ফোনটি পর্যালোচনাকালীন অবৈধ অনলাইন জুয়ার প্রায় ৪০টির মতো অ্যাপস পাওয়া গেছে।

সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃতের মোবাইল পর্যালোচনায় অবৈধ অনলাইন জুয়ার অনেকগুলো অ্যাপস মিলেছে। জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন তিনি। 

গত ২৯ জানুয়ারি সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী কর্মকর্তা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার কর্মস্থলে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পরিচয়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান ভুক্তভোগীর সহকর্মী। বার্তায় জরুরি প্রয়োজনে দ্রুত দুটি বিকাশ নম্বরে অর্থ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রতারক চক্র ফোন রিসিভ না করে বার্তার মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী সরল বিশ্বাসে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠান। পরে ভুক্তভোগী ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে ভাইস চ্যান্সেলর জানান তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং তিনি এ ধরনের কোনো নির্দেশ দেননি। তখন বাদী নিশ্চিত হন যে তিনি একটি পরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন।


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এবং অনলাইন জুয়ার প্রতি আসক্ত। তিনি মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলতেন এবং প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ জুয়ায় ব্যয় করতেন।

তবে এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সিআইডি। 

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর