সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

আইন-বিধিতে যাত্রী প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তির দাবি, মন্ত্রীর আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

আইন-বিধিতে যাত্রী প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তির দাবি, মন্ত্রীর আশ্বাস
সচিবালয়ে সড়ক, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

সড়ক, রেল ও নৌ-যোগাযোগখাতে পরিবহন পরিচালনার আইন ও বিধিমালা সংস্কার করে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (৪ মে) সচিবালয়ে সড়ক, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি জানান সমিতির নেতারা।


বিজ্ঞাপন


নেতারা বলেন, দীর্ঘ দুই যুগ ধরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী স্বার্থ বিষয়ে একটি নিবন্ধিত সংগঠন হিসেবে যাত্রী কল্যাণ সমিতি সাবেক যোগাযোগ মন্ত্রণালয়, বর্তমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন কমিটিতে দীর্ঘদিন যাবৎ আপসহীনভাবে প্রতিনিধিত্ব করে আসছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত কতিপয় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের মাফিয়া নেতাদের চাপে তৎকালীন সরকার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে মালিক-শ্রমিক সংগঠন নিয়ে একচেটিয়াভাবে পরিবহন সেক্টর পরিচালনা করার কারণে পরিবহনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা এবং সড়কে অবৈধ যানবাহন বেপরোয়াভাবে বেড়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে দেশের বৃহত্তম ভুক্তভোগী অংশীজন যাত্রীসাধারণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তিনি যাত্রী কল্যাণ সমিতি থেকে বিগত ফ্যাসিস্ট সরকার বাতিল করা কমিটিগুলো পুনরায় অন্তর্ভুক্তির জন্য মন্ত্রীর কাছে জোর দাবি জানান।

এ সময় দাবিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী শেখ রবিউল আলম।


বিজ্ঞাপন


পরিবহন মন্ত্রী বলেন, সরকার যেকোনো মূল্যে পরিবহনে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর। এজন্য সরকারের নানা উদ্যোগের পাশাপাশি যাত্রীদের সচেতনতার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সেক্টরে মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়।

এ সময় পরিবহন খাতে আমূল পরিবর্তন আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাত্রী কল্যাণ সমিতির পক্ষে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অর্পনা রায় দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আমিন, সহসভাপতি তাওহীদুল হক, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, দপ্তর সম্পাদক আলমগীর কবির বিটু প্রমুখ।

এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর