রাজধানীর আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী,কিশোর গ্যাং এর মূলহোতা সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’ কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
রোববার (৩ মে) দিবাগত রাত ২টার পর আদাবরের শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিল্লাল ওরফে ভাইস্তা বিল্লাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় সে ১ নম্বর আসামি। এ ছাড়াও, তার নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় হয়ে মোহাম্মদপুর ও আদাবরের বেড়িবাঁধ এলাকায় কাজ করে। এ চক্রের সদস্যরা ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এফএ




