ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল বলে অভিযোগ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। তার আরও অভিযোগ, বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল হাসিনা।
রোববার (৩ মে) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় নিজ কার্যালয়ে এসব অভিযোগ করেন স্পিকার।
বিজ্ঞাপন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দীর্ঘ সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় বলে উল্লেখ করে স্পিকার। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।
এসময় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ার সরকার ও জনগণ বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছে।
অনুষ্ঠানে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় স্পিকার বলেন, দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জীবিত করেছে।
জানা যায়, বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রফতানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও জ্বালানি নিয়ে মতবিনিময় করা হয়েছে।
এসময় স্পিকার হাফিজ উদ্দিন আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপও করেন।
এমএইচএইচ/এএইচ




