শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের বিপক্ষে পরিবহন মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

Eid
বিভিন্ন বাহনে ঈদযাত্রার চিত্র। ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহার যাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না- এমনটা বলছে খোদ সড়ক পরিবহন মালিক সমিতি। এ ব্যাপারে খুব শিগগিরই তারা সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে কঠোরভাবে নির্দেশনা দেবেন।

শনিবার (২ মে) সকালে রাজধানীর রমনায় সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ। পরিচালনায় ছিলেন মহাসচিব মো. সাইফুল আলম। সভায় কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এএসএম আহম্মেদ খোকনসহ কার্যকরী পরিষদের ৭৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যেন না ওঠে, সে জন্য সারাদেশের মালিক সংগঠনগুলোকে সতর্ক করা হবে।

e
পরিবহন মালিক সমিতির সভা রাজধানীর রমনায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি- সংগৃহীত

এছাড়া ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংক লরির সুষ্ঠু ও শৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট ও দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কেন্দ্রীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।


বিজ্ঞাপন


সভায় গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের ওপর এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ বৃদ্ধি এবং টায়ার-টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

পরিবহন মালিকদের দাবি, এতে পরিবহন খাত আর্থিক চাপে পড়ছে। বর্ধিত আয়কর ও যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর দাবিতে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

এছাড়া সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে সভা আয়োজন এবং স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ঈদুল ফিতরে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে বহু যাত্রী গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন। 

যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল সেসময় দাবি করেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করা হয়নি। বরং অনেক বাস কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা কম নিয়েছে। এ নিয়ে তখন ছোটখাটো বিতর্কের সৃষ্টি হয়। 

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর