বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (২ মে) ডিএসসিসি অঞ্চল-২ এর আওতাধীন বাসাবোর হক আবাসিক সোসাইটি এলাকায় একটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে। সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে।
তিনি আরো বলেন, এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।
তিনি বলেন, স্থানীয় নাগরিক সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রশাসক বলেন, অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করার ফলে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন।
বিশেষ অতিথি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমার বিশ্বাস।
ডিএসসিসি জানায়, নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার হক আবাসিক সোসাইটি এলাকার রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৬৭ কোটি টাকা।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএম/এফএ




