শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইন্টারনেট খাতের শ্রমিকদের অধিকার সুরক্ষায় জোর দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

ইন্টারনেট খাতের শ্রমিকদের অধিকার সুরক্ষায় জোর দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা। ছবি: ঢাকা মেইল

দেশের ইন্টারনেট সেবাদান খাতে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন মহিউদ্দিন আহমেদ। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১ মে) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিএসপি আয়োজিত “শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান ও আগামীর স্বচ্ছ অভিযান” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আকন্দ, পীর হারুন ও শ্রমিক নেতা আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামাল সিকদার।

মহিউদ্দিন আহমেদ বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা এবং “স্মার্ট বাংলাদেশ” গড়ে তুলতে ইন্টারনেট খাতের শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবতায় দেখা যাচ্ছে, এই খাতে কর্মরত অধিকাংশ শ্রমিক অনিরাপদ কর্মপরিবেশ, ঝুঁকিপূর্ণ কাজ, কম মজুরি এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। বর্তমানে দেশে প্রায় ১০ লাখ শ্রমিক এই খাতে যুক্ত থাকলেও তাদের জন্য কোনো শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে ওঠেনি।

তিনি উল্লেখ করেন, টাওয়ার রক্ষণাবেক্ষণ, ফাইবার অপটিক স্থাপন ও মেরামতের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকরা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম, বীমা সুবিধা এবং দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং ব্যবস্থায় কাজ করার কারণে অনেক শ্রমিক বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী প্রাপ্য সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, এই পরিস্থিতি উত্তরণে শ্রমিকদের জন্য লিখিত নিয়োগচুক্তি বাধ্যতামূলক করা, ঝুঁকিপূর্ণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা, দুর্ঘটনা বীমা চালু করা, ন্যায্য মজুরি ও নির্ধারিত কর্মঘণ্টা বাস্তবায়ন, সাবকন্ট্রাক্টিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ তহবিল গঠন অত্যন্ত জরুরি।


বিজ্ঞাপন


তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতি দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।

শেষে তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে টেকসই ও মানসম্মত ইন্টারনেট সেবা প্রদান সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে এই খাতের শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর