শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু

জনসাধারণের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখন থেকে আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে, ফলে দীর্ঘদিনের ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিসের ইওসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে। একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত আবেদন গ্রহণ বন্ধ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন ঘরে বসে সহজেই এসব সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সময়, খরচ এবং ভোগান্তি কমবে, পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে নতুন এই উদ্যোগের প্রশংসা করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, রংপুর বিভাগের উপপরিচালক মো. আনোয়ারুল হক এবং সিলেট বিভাগের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান Perky Rabbit Corporation Limited-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ থেকে উপপরিচালক, সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবাকে আরো আধুনিক, দ্রুত ও হয়রানিমুক্ত করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।


বিজ্ঞাপন


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর