বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

salahuddin
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি প্রতিনিধি সুসান ভাইজর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন- ইউনেস্কো বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর কান্ট্রি প্রতিনিধি সুসান ভাইজকে স্বাগত জানান। এ সময় সুসান ভাইজ নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে সুসান ভাইজ জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কোর চলমান একাধিক প্রকল্প রয়েছে। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণ বিষয়ে ইতোমধ্যে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।


বিজ্ঞাপন


এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সুসান ভাইজ আরও জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ আয়োজনের পরামর্শ দেন। তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হলে তা আরও কার্যকর হবে। পাশাপাশি শনিবার প্রশিক্ষণ আয়োজন করা হলে অংশগ্রহণকারীদের জন্য সুবিধাজনক হবে বলেও মত দেন তিনি।

এ সময় সুসান ভাইজ জানান, সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে ইউনেস্কো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এর সঙ্গে জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর