বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও ড্রোন উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

arrested dhakamail
নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। ডিবি সূত্রে জানা গেছে, তারা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য এবং বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও হামলার পরিকল্পনায় জড়িত ছিল।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

ডিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরে প্রথমে কামরাঙ্গীরচরের মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে সকালে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেফতার করা হয়। একইদিন দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন বই ও লিফলেট জব্দ করেছে ডিবি।


বিজ্ঞাপন


ডিবির ধারণা, উদ্ধার হওয়া ড্রোন দিয়ে গোয়েন্দা নজরদারি অথবা নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন বিরতির পর রাজধানীতে আবারও উগ্রবাদী তৎপরতার খবরে এলাকায় শঙ্কা ছড়িয়েছে। তবে ডিবির এই সফল অভিযানে বড় ধরনের কোনো নাশকতা ঠেকাতে পেরেছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর