সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিল উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রশ্নে জামাল নিজাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জেলেদের জলদস্যুদের হাত থেকে রক্ষার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা; হলে, তা কী?
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার স্থল পথের পাশাপাশি নৌ-পথের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের নদী পথে চলাচলকারী পণ্যবাহী নৌযান ও মাছ ধরার ট্রলার এবং জেলে/যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশসহ সংশ্লিষ্ট জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জেলেদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো হলো—
১. নৌ পথে ডাকাতি, জলদস্যুতা ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমন এবং মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
বিজ্ঞাপন
২. নৌ পথে জলদস্যুতাসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির মাধ্যমে নৌ টহল পরিচালনা অব্যাহত আছে।
৩. নৌ পথে জলদস্যুতা/ডাকাতি রোধকল্পে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
৪. নৌ পথে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হচ্ছে।
৫. গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশী কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
৬. নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নানমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৭. আধুনিক নৌযান, যোগাযোগ প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জেলেদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
৮. জেলেদের নিরাপত্তায় সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এমএইচএইচ/এফএ




