মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেঘে ঢাকা রাজধানীর আকাশ, বৃষ্টিতে নগর জীবনে ছন্দপতন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

Rain news
বৃষ্টির কারণে নগর জীবনে স্থবির হয়ে পড়েছে। ছবি: ঢাকা মেইল

সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজধানী। সূর্যের দেখা নেই, মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। দিনের শুরুতেই যেন নেমে এসেছে এক ধরনের আঁধার, যার সঙ্গে তাল মিলিয়ে ঢাকার জনজীবনেও পড়েছে ভিন্ন মাত্রার প্রভাব।

ভোরের পর থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়ে, শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা আরও বেশি ছিল। বৃষ্টির সঙ্গে মেঘের এমন ঘনত্ব তৈরি হয় যে, দিনেই অনেক এলাকায় মনে হয়েছে যেন বিকেলের শেষ প্রহর।


বিজ্ঞাপন


রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টির কারণে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। অফিসগামী মানুষদের ভোগান্তি বেড়ে যায়। বিশেষ করে সকালবেলার ব্যস্ত সময়ে রাস্তায় বের হওয়া কর্মজীবী মানুষকে ছাতা বা রেইনকোট নিয়ে চলতে দেখা যায়। গণপরিবহনেও যাত্রীদের চাপ ছিল বেশি, তবে বৃষ্টির কারণে যানজট কিছু এলাকায় তীব্র আকার ধারণ করে।

পথচারীদের অনেকেই বলেন, সকালবেলা এমন আবহাওয়া হঠাৎ করে তৈরি হওয়ায় তারা প্রস্তুত ছিলেন না। অনেকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। আবার কেউ কেউ রাস্তার পাশে দোকান বা ছাউনির নিচে আশ্রয় নেন।

680239881_1432265038652032_2738683897160990638_n


বিজ্ঞাপন


শুধু যাতায়াতেই নয়, বৃষ্টির প্রভাব পড়েছে দৈনন্দিন কাজকর্মেও। খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষেরা কাজে বিঘ্নের মুখে পড়েছেন। নির্মাণকাজ, রাস্তার কাজসহ বিভিন্ন খাতে কাজের গতি কমে গেছে। স্কুলগামী শিক্ষার্থীদেরও বৃষ্টির মধ্যে কষ্ট করে যেতে দেখা গেছে।

এদিকে দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সরকারি সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

678252019_1552729433498805_3558152534684701774_n

এ ছাড়া যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর