বর্তমান সময়ে জ্বালানির খরচ বাঁচাতেই হোক কিংবা পরিবেশের কথা ভেবে, মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে ইলেকট্রিক বাইক ও স্কুটারের জনপ্রিয়তা দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এই বৈদ্যুতিক যানের সবচেয়ে মূল্যবান এবং হৃৎপিণ্ড হলো এর ব্যাটারি। কিন্তু সামান্য কিছু ভুল বা অবহেলার কারণে অনেক সময় সাধের এই ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যা মেরামতে বা বদলাতে পকেটের বেশ ভালোই টান পড়ে। আপনার ইলেকট্রিক বাইক বা স্কুটারের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ, সচল ও দীর্ঘস্থায়ী রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।
১. অতিরিক্ত গরম ও সূর্যের আলো থেকে দূরে রাখুন
ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত তাপ বা গরম। সরাসরি তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ ইলেকট্রিক বাইক বা স্কুটার পার্ক করে রাখলে ব্যাটারির ভেতরের রাসায়নিক গঠনে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষ করে গ্রীষ্মকালে রোদের মধ্যে গাড়ি বেশিক্ষণ ফেলে না রেখে কোনো ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারির ধারণক্ষমতা বা মাইলেজ দ্রুত কমিয়ে দেয়।
২. ব্যাটারি সম্পূর্ণ শূন্যে নামাবেন না
গাড়ি চালাচ্ছেন তো চালাচ্ছেনই, ব্যাটারির কথা খেয়ালই রইল না—এই অভ্যাস একদম ঠিক নয়। ব্যাটারির চার্জ একেবারে শূন্য বা বিশ শতাংশের নিচে নামিয়ে আনা লিথিয়াম-আয়ন বা লেড-অ্যাসিড—উভয় ধরনের ব্যাটারির জন্যই ক্ষতিকর। যখনই দেখবেন ব্যাটারির চার্জ প্রায় কুড়ি শতাংশে নেমে এসেছে, তখনই দ্রুত গাড়ি চার্জে বসিয়ে দিন। বারবার ব্যাটারি সম্পূর্ণ শেষ করে ফেললে এর আয়ু খুব দ্রুত ফুরিয়ে যায়।
৩. সঠিক ও আসল চার্জার ব্যবহার করুন
গাড়ির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে যে নির্দিষ্ট চার্জারটি দেওয়া হয়, সবসময় সেটাই ব্যবহার করুন। নষ্ট হয়ে গেলে বাজারে উপলব্ধ যেকোনো সস্তা বা কমদামী লোকাল চার্জার কিনে ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এই ধরনের লোকালে ভোল্টেজের সঠিক নিয়ন্ত্রণ থাকে না, যা ব্যাটারির সার্কিট পুড়িয়ে দিতে পারে বা ব্যাটারির স্থায়িত্ব চিরতরে নষ্ট করে দিতে পারে।
৪. একটানা অতিরিক্ত সময় চার্জে বসিয়ে রাখবেন না
অনেকেরই অভ্যাস থাকে রাতে ইলেকট্রিক স্কুটার বা বাইক চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ার এবং সকালে ওঠার পর তা খোলার। যদিও অনেক আধুনিক গাড়িতে অটো-কাট অফ প্রযুক্তি থাকে, তবুও ব্যাটারি শতভাগ পূর্ণ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে কারেন্টের সঙ্গে সংযোগ ধরে রাখা ভালো নয়। নির্দিষ্ট সময় মেনে চার্জ পূর্ণ হয়ে গেলে মেইন সুইচ থেকে চার্জার বন্ধ করে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
৫. গাড়ি দীর্ঘদিন অব্যবহৃত রাখলেও যত্ন নিন
আপনি যদি কোনো কারণে বেশ কয়েক দিন কোথাও ভ্রমণে যান কিংবা দীর্ঘ সময় ধরে ইলেকট্রিক বাইক বা স্কুটার ব্যবহার না করে একপাশে ফেলে রাখেন, তবুও ব্যাটারির বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গাড়ি ব্যবহার না করলেও ব্যাটারির নিজস্ব ক্ষমতায় কিছুটা চার্জ কমতে থাকে। তাই দীর্ঘদিন গ্যারেজে ফেলে না রেখে অন্তত মাসে একবার ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে নিন, নতুবা ব্যাটারি ডেড বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
এজেড




