ক্যাম্পাসে গুপ্ত তৎপরতার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর তার ক্ষতিকর প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, শিক্ষার্থীরা এখন আর অস্থিতিশীলতা চায় না; তারা শান্ত, নিরাপদ ও উন্মুক্ত পরিবেশে শিক্ষা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত দেখতে চায়।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিজ্ঞাপন
হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ক্যাম্পাসগুলোতে আবারও অশনি সংকেত ৷ এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয় সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না ৷
তিনি বলেন, আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছে ৷ তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক, তারা চায় ক্যাম্পাস শান্ত থাকুক ৷ আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না ৷ তারা চায় প্রকাশ্যে সব কিছুই হবে উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে ৷ এবং যদি রাজনীতির কোন আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে৷ আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে ৷
তিনি আরও বলেন, আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক কোনভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না৷ আর চাই না কোন মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলে, জামানায় আমরা ফিরে যেতে আমরা চাই না ৷ মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক দেশের নেতৃত্ব গড়ে উঠুক চাই ৷
এমএইচএইচ/এআর




