সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

উলশী খাল পুনঃখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী
উলশী খাল খনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ফুয়েল কার্ড এবং ক্রীড়া কার্ডের পর এবার এলপিজি কার্ড সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার, যাতে মা বোনদের রান্নায় সমস্যা না হয়।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


নারীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মা-বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, রান্নাবাড়ির ব্যাপারে কষ্ট হয়; সেটি গ্রামের মা-বোনই হোক, সেটি শহরের মা-বোনই হোক। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে আমরা যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কাজ দিতে চাই—সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি গ্যাস এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দিব যাতে করে মা-বোনদেরকে রান্নাবান্নার জন্য কষ্ট করতে না হয়।’

 এ সময় খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব সারাদেশে এই উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করতে চাই যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক ভাই-বোনেরা, এলাকাবাসী এবং তরুণ সমাজের সদস্যরা তরুণরা হোক বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে আমরা খাল খনন সেই জন্য করতে চাই।’

সফরসূচি অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেন তিনি।
 
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
 
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
 
এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর