রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টিকে হত্যার ঘটনায় বাংলাদেশের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

T
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। 

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে। ইতোমধ্যে, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে, এই মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

অপরদিকে নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য প্রাপ্তির জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে অবহিত করেছে যে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি ভুক্তভোগী পরিবারের সাথে সমন্বয় করার আশ্বাস দিয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর