রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিকেলেই রাতের অন্ধকার, ঢাকায় ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

Rainy dhaka
রোববারের বৃষ্টিতে রাজধানীর চিত্র। ছবি: ঢাকা মেইল

মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে রোববার (২৬ এপ্রিল) সারা দিন। বিকেল গড়াতেই রাজধানীর আকাশে এমন মেঘ জমেছে যেন রাতের অন্ধকার নেমে এলো। কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।  

তবে সব এলাকায় নয়, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। কোথাও ঝুম বৃষ্টি, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি আস্তে আস্তে সারা ঢাকায় পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 


বিজ্ঞাপন


রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজন জানালেন স্বস্তির পাশাপাশি ভোগান্তির কথাও।  

আব্দুল করিম নামে একজন জানান, ‘গত কয়েক দিন যে রকম গরম পড়েছিল, তাতে ঠিকঠাক কাজকর্ম করা যাচ্ছিল না। এ বৃষ্টির ফলে গরম কমেছে, একটু শান্তি লাগছে।’ 
 
জাহিদ নামে আরেকজন বলেন, ‘ভাই, বৃষ্টি তো গরম থেকে বাঁচাল। কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে রাজধানীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হবে, সেখান থেকে কীভাবে বাঁচব? ঢাকা শহরে অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপমাত্রা—দুটোই মানুষের জন্য বিপদজনক।’

1000070147
রোববারের বৃষ্টিতে রাজধানীর চিত্র। ছবি: ঢাকা মেইল


 
এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ রোববার (২৬ এপ্রিল) রাত ১২টার মধ্যে কালবৈশাখীসহ এক থেকে দুই দফা বজ্রবৃষ্টি হতে পারে।
 
আবহাওয়ার এ সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও এসব জেলার আশপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি ফিরতে পারে।
 
এমএইচএইচ/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর