প্রায় এক হাজার দৌড়বিদ নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (ATJFB)-এর আয়োজনে শনিবার সকালে এই রান সফলভাবে সম্পন্ন হয়।
সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রায় এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমার-এর মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, বড় থেকে ছোট—সব বয়সের স্বাস্থ্য সচেতন মানুষের অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের আয়োজন আমাদের সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী বছর আমরা এই আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই। এ উদ্যোগে আমরা সবসময় পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা দেব।
এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়। এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। আগামী বছর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করেছি। আশা করছি আপনাদের সবাইকে পাশে পাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।

আয়োজনে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় হয়েছেন এফ এ সেলিম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় হয়েছেন পারভিন মিতু।
৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় হয়েছেন তেরেসা কচি।
রান শেষে বিজয়ীদের পোডিয়াম এবং বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট এবং র্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার দেওয়া হয়েছে।
এমআইকে/এফএ




