রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলে সমাজে জেন্ডার সংবেদনশীলতা স্বয়ংক্রিয়ভাবে অর্জিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জবাবদিহি প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা। কারণ যত বেশি স্বাধীন ও দক্ষ গণমাধ্যম থাকবে, তত বেশি ক্ষমতাকে প্রশ্ন করা সম্ভব হবে। আর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়েই জবাবদিহি নিশ্চিত হবে।
বুধবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা–বিষয়ক ম্যানুয়াল’–এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম ও সমাজে জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠার প্রশ্নে মূল সমস্যাটি কেবল নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের সমষ্টিগত মূল্যবোধের ঘাটতিতেই এর শিকড় নিহিত। সামাজিকভাবে সমষ্টিগত মূল্যবোধ অর্জন করতে পারলে জেন্ডার সংবেদনশীলতা স্বয়ংক্রিয়ভাবেই অর্জিত হবে।
নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় জবাবদিহির ঘাটতি দীর্ঘদিন ধরে বিদ্যমান। বহুবার নির্বাচন হয়েছে, কিন্তু হাতে গোনা দু-একটি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। ফলে জবাবদিহির জায়গাটা দুর্বল থেকে গেছে।
এই ঘাটতির প্রভাব গণমাধ্যমেও পড়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গণমাধ্যমও সংক্রমিত হয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এই ম্যানুয়ালটিতে নারীর প্রতি সংবেদনশীলতার বিষটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এসব বিষয়ে অনেক আইন, তবে শুধু আইন দিয়ে অবস্থার পরিবর্তন করা যায় না। জেন্ডার–সমতার বিষয়টি সবাইকে মনে নিতে এবং মেনে নিতে হবে। সমাজে নারী ও পুরুষের সমানতালে এগিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী। অনুষ্ঠানে ম্যানুয়ালের বিষয়বস্তু উপস্থাপন করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারমিন। এতে জেন্ডার–সমতার চ্যালেঞ্জ, শব্দ ও ভাষার প্রয়োগ, কনটেন্ট তৈরি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেন্ডার সংবেদনশীলতার বিষয় ও প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়েছে।
আলোচনায় আরও অংশ নেন প্ল্যান ইন্টারন্যাশনালের এদেশীয় পরিচালক কবিতা বোস, ম্যানুয়াল পর্যালোচনা করেন প্ল্যান ইন্টারন্যাশনালের পরিচালক নিশাত সুলতানা, আলোচনা করেন গণমাধ্যম–বিশেষজ্ঞ নাজিয়া আফরীন প্রমুখ।
এমআর




