বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোটের দায়িত্ব পালনে অস্বীকৃতি, এক মাসের জন্য বরখাস্ত শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকৃতি, এক মাসের জন্য বরখাস্ত শিক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক মো. আবু তালিবকে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানান।


বিজ্ঞাপন


গত ২০ এপ্রিল সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের মাত্র একদিন আগে প্রভাষক আবু তালিবকে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগপত্র গ্রহণের সময় তিনি দায়িত্ব পালনকে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন এবং নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনে সরাসরি অস্বীকৃতি জানান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তাকে দায়িত্ব পালনের জন্য বারবার অনুরোধ করলেও তিনি তাদের কথা রাখতে রাজি হননি। একপর্যায়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। এমনকি এই অপরাধে চাকরি হারানো বা কারাবরণ করতে হলেও তিনি নির্বাচনি দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনার প্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানান।

পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধন ২০২৫)-এর ধারা ৫(৩) অনুযায়ী তাকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হয়। সেই আইন অনুযায়ী তাকে এক মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাউন্সসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর