মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে আরও ছয়টি মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা–পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন জহিরুল ইসলাম (৩৪), অলি উল্লাহ (২৮), সফিউল্লাহ খান (২৯) ও গাজী সাগর (২৭)।


বিজ্ঞাপন


গত ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নরসিংদী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন।

রামপুরা থানা–পুলিশ জানায়, গত শুক্রবার সাহাল বিন রফিক নামের এক ব্যক্তি বনশ্রী সি ব্লকের ৬ নম্বর সড়কে তাঁর সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেল রেখে কাজে যান। পরে ফিরে এসে সেটি না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। এ ঘটনায় একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চক্রটির সন্ধান পাওয়া যায়। প্রথমে ১৭ এপ্রিল রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি এপাচি আরটিআর মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর গতকাল সোমবার সকালে ডাঙ্গা বাজারে খান মোটরস নামের একটি প্রতিষ্ঠান থেকে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক সফিউল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবারও বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে গাজী সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি এমটি-১৫ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা, নোয়াখালী ও চাটখিলসহ বিভিন্ন এলাকায় সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল।

গ্রেফতর ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর