মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বসার ব্যবস্থা হয়েছে, এখন গাড়ি দেন: সংসদে হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

H
সংসদ অধিবেশনে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

সংসদ সদস্যদের জন্য সকল উপজেলায় বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে- সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বসার জায়গা করেছেন, এখন যদি মানুষের কাছে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেন, তাহলে ভালো হয়।’

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে ফ্লোর নিয়ে এ কথা বলেন তিনি। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ‘সকল সংসদ সদস্যদের জন্য একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সংসদ সদস্যদের দীর্ঘদিনের দাবি ছিল, উপজেলা পরিষদে গেলে বসার জায়গা থাকে না। তারা কোথাও বসতে পারেন না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রত্যেক উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় অ্যাটাস্ট বাথরুম ও আসবাবপত্রসহ একটি রুম প্রস্তুতের জন্য জিও ইস্যু করেছি, ইউএনওদের আদেশ দিয়েছি এবং অচিরেই সকল নতুন ও পুরাতন ভবনে পরিদর্শন কক্ষ নামে এ রুম তৈরি হবে। যেহেতু সংসদ সদস্যদের নামে রুম বরাদ্দের কোনো বিধান নাই, তাই পরিদর্শন কক্ষটি নামে কক্ষটি থাকবে।’

এসময় ফ্লোর নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি সবসময় বিরোধিতার জন্য দাঁড়াই। কিন্তু আজ ধন্যবাদ জানাচ্ছি ভালো সিদ্ধান্তের জন্য। আমরা লজ্জায় একটা কথা বলি না। এ সংসদে সবচেয়ে ছোট হিসাবে একটা কথা বলছি, আমাদের ইউএনওদের গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের গাড়ি থাকে, কিন্তু আমাদের ভাড়া গাড়িতে চলতে হয়। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। আমাদের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছেন, এখন যদি মানুষের কাছে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়া হয়।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, সেদিন আমাদের পার্লামেন্টরি মিটিংয়ে প্রথমে দুটি অনুশাসন দিয়েছেন যে, আমরা এমপিরা জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই অনুশাসন আইন সংশোধন করবে যে, এই মহান জাতীয় সংসদে আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেব না।’

তিনি আরও বলেন, ‘মাননীয় সংসদ সদস্য বসার অফিস পেয়ে খুশি হয়েছেন, এখন গাড়ি না পেলে অখুশি হবেন, সেজন্য সংসদ সদস্যদের জন্য কীভাবে কী করা যায় যানবাহনের ব্যবস্থা, তা আলাদাভাবে আলোচনা করা যেতে পারে।’


বিজ্ঞাপন


এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে ফ্লোর নিয়ে বলেন, ‘অফিসের ব্যবস্থা করায় আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে, ছোটদের আবদার না করতে নাই। ছোটদের আবদারে সবসময় ‘হ্যাঁ’ বলতে হয়।’

তিনি হাসতে হাসতে বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বলে ফেলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ‘না না’ বললে আমি বেশি খুশি হতাম। আমি চিন্তা করেছিলাম যে, এত বড় খবরের পর বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাইয়ে দেব।’

এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, স্ব‘রাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষে আলোচনার কথা কিন্তু বলেছেন। ‘না’ বলেননি।’

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর