রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্র ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)। রোববার তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
বিজ্ঞাপন
তিনি জানান, সেই ছাত্র যেখানে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন সেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর সেগুলো পর্যালোচনা শুরু করে। রোববার মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রিন উড স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তার আগে গত ২৫ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে মোহাম্মদীয়া হাউজিং রোডে গ্রিন উড স্কুলের সামনে ফুটপাতে ছিনতাইয়ের শিকার হন সেই ছাত্র। এ সময় তাকে মারধর করে ছিনতাইকারীরা। পরে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এরপর তাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় সেই ছাত্র থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এমআইকে/এআরএম




