কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমনা ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় প্রাইভেটকার থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলাচত্বর দিয়ে যানবাহনে করে মাদক পাচারের পরিকল্পনা করছে। এ সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক প্রাইভেট কার (করোল্লা এক্স, চট্রগ্রাম মেট্রো-গ ১১-৭৮১৬) গাড়ি তল্লাশি করা হয়। গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একেএস/এএইচ




