রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন- আঙ্গুরা বেগম (৪৬) ও রহিমা বেগম (২৪) ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে কতিপয় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নারী মাদক কারবারি আঙ্গুরা বেগম ও রহিমা বেগমকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ আশি হাজার টাকা।
ডিবির মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/এএস




