রাজধানীর কড়াইলের বেলতলা ইউনিট এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের মনোনীত প্রতিনিধি আব্দুর রহমান সানি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কড়াইল বেলতলার বিভিন্ন পয়েন্ট সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন সানি। এলাকাবাসী তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও বিদ্যুৎ সংকটের কথা তার কাছে তুলে ধরেন। তিনি এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং সমস্যার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
উপস্থিত বাসিন্দাদের আশ্বস্ত করে আব্দুর রহমান সানি বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নাগরিকরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পান।
এলাকাবাসী এই পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, সংসদ সদস্যের প্রতিনিধির এই সরাসরি হস্তক্ষেপে কড়াইল বেলতলা এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে।
বিইউ/ক.ম




