কুমিল্লা-সিলেট মহাসড়কের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দ্রুত এই সড়ক প্রশস্ত করার দাবি জানিয়ে বলেন, আপনাদের কাছে ভিক্ষা চাই, কবে এই মৃত্যুর মিছিল থামবে।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে হাসনাত এসব বলেন।
বিজ্ঞাপন
হাসনাত বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই মৃত্যুর মিছিল কবে থামবে। যে মহাসড়কটি লাইন অব ক্রেডিটের আওতায় ছয় লেনে উন্নীত হওয়ার কথা, সেটি এখনো মাত্র ১৮ ফুট প্রশস্ত। এই অবস্থায় এলাকায় আমি মুখ দেখাতে পারি না।
কুমিল্লার এই সংসদ সদস্য জানান, বক্তব্য দেওয়ার সময়ই তার নির্বাচনি এলাকার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এখন তাদের জানাজার প্রস্তুতি চলছে। এটি এখানে প্রতিদিনের ঘটনা।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের এমন কোনো সড়ক নেই যা দুটি বিভাগীয় শহরকে সংযুক্ত করে, অথচ এত সংকীর্ণ। কুমিল্লা-সিলেট মহাসড়ক ময়নামতি, দেবীদ্বার, জাফরগঞ্জ, কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি পর্যন্ত বিস্তৃত—যে পথে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষের যাতায়াত। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট কিংবা সিলেট থেকে চট্টগ্রাম যেতে হলে এই সড়কই একমাত্র ভরসা। অথচ মাত্র ১৮ ফুট প্রশস্ত এই রাস্তাটি প্রতিদিনই মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। বিশেষ করে দেবীদ্বার-বুড়িচং অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
সংসদ সদস্য দাবি করেন, চলতি মাসেই এ সড়কে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে উন্নয়ন কাজ শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্টদের কাছে গেলে প্রশাসনিক জটিলতার কথা বলা হয়।
বিজ্ঞাপন
শেষে স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, এই মহাসড়ক প্রশস্ত হলে অন্তত ১০ লাখ মানুষের জীবন রক্ষা পাবে। আমি এই সংসদের কাছে ভিক্ষা চাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
টিএই/ক.ম




