রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ওই ভবনের ১১ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ধারণা করা হচ্ছে, ওই তলায় থাকা একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের উপরের তলায় আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের খবর পেয়েই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ভবনটির ভেতরে থাকা লোকজনকে নিরাপদে বের করে আনতে সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা ও ভবনটির অবস্থান বিবেচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রসঙ্গত, বনানী এলাকায় আগেরও কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনগুলোর আগুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কাজ চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এমআইকে/এমআই




