বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আট ফ্লাগশিপ কর্মসূচির বিশেষ বুকলেট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

PM
বিশেষ বুুকলেটটি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ছবি: সংগৃহীত

তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুত আটটি ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি ও অর্জনের তথ্য সম্বলিত একটি বিশেষ বুকলেট প্রকাশিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমানের হাতে এই বুকলেটটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি।


বিজ্ঞাপন


বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রকাশিত এই বুকলেটে দলের নির্বাচনি প্রচারণায় ঘোষিত গুরুত্বপূর্ণ আটটি খাতের বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে।

এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কল্যাণ। উক্ত কর্মসূচিগুলোর বিপরীতে সরকারের গৃহীত উদ্যোগ ও সাফল্যের চিত্র এখানে গুরুত্ব পেয়েছে।

বুকলেটটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যেও বিতরণ করা হয়েছে।

জানা গেছে, এর উদ্দেশ্য হলো চলমান কার্যক্রম সম্পর্কে তাদের সম্যক ধারণা দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হিসেবে কাজ করা। বিএনপি মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে বুকলেটটি প্রতি তিন থেকে চার মাস অন্তর নিয়মিত হালনাগাদ করার পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থা বৃদ্ধি এবং একটি জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর