রাজধানীর ডেমরা এলাকায় মাদকের টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সন্তানের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ডেমরা উত্তর বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইসরাফিল। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাসিন্দা।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, দুই ছেলে ও এক মেয়ের জনক-জননী তারা। তার স্বামী ইসরাফিল বহু বছর যাবত মাদকাসক্ত। কোনো কাজ করতের না তিনি। গত পরশুদিন এবং গতকালকেও তিনি স্ত্রীর কাছ থেকে ৫০০ করে ১ হাজার টাকা নেন।
সুরিয়া বেগম জানান, আজ ভোরে আবার টাকা চান ইসরাফিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে ঝগড়া হয় এবং মারধর শুরু করেন। ছোট ছেলে নূর হোসেন এর প্রতিবাদ করে। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হলে নূর হোসেন তার বাবার বুকে ছুরিকাঘাত করে। এতেই তিনি মারা যান।
ডেমরা থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন, ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
একেএস/এএইচ




