রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

Igp

বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির। 

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। 


বিজ্ঞাপন


আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোন সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে। 

তিনি আরও বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি আরও বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তোমাদেরকে আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।


বিজ্ঞাপন


20

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিন গফুর। 

এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সমিতির সহসভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. আব্দুর রহমান খান পিপিএম ও সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. মোখলেছুর রহমান, সমিতির সদস্য, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা এ তিন শিক্ষার্থী মতামত ব্যক্ত করেন। তারা পুলিশকে বন্ধুসুলভ, জনবান্ধব পুলিশ হিসেবে দেখতে চায়। জনগণের সাথে পুলিশের আচরণের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দিক বিবেচনার বিষয়ও তাদের বক্তব্যে উঠে এসেছে।
 
সভাপতির বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদেরকে জনগণের সাথে ভালো আচরণ করতে হবে। 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সিএসআর থেকে প্রাপ্ত অর্থে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারশ' শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের একশ' জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বাকি তিনশ' জনকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর