দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মান্ডা–মুগদা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই শিক্ষা প্রতিষ্ঠানে এটাই আমার প্রথম আগমন। জনগণের আস্থা ও সমর্থনই আমাকে উন্নয়ন কর্মকাণ্ডে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।
তিনি আরো বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এ শিক্ষা প্রতিষ্ঠানে আগমন প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি গৌরবজনক অধ্যায় হয়ে আছে। তার স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়নে সরকার সবসময় পাশে থাকবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
এমআর/এফএ




