অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে শুক্রবার (১০ এপ্রিল) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’–সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে পাস হয় ১০টি বিল।
আজ পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।
আরও পড়ুন: দিস ইজ নট শাহবাগ: হাসনাতকে স্পিকার
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ বিল (নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর) উত্থাপন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল ও বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল উত্থাপন করেন।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল এবং অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল উত্থাপন করেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল পাসের প্রস্তাব করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল ও সাইবার সুরক্ষা বিল, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আজম খান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাসের প্রস্তাব করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন। সব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।
‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ উত্থাপনের প্রস্তাব করলে বিরোধী দলীয় সদস্য সাইফুল ইসলাম মিলন বিলটির বিরোধিতা করে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি নাকচ হয় এবং বিলটি পাস হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’–এর ওপর সরকারি দলের সদস্য আনিছুর রহমান তিনটি সংশোধনী প্রস্তাব করেন, যা স্পিকার গ্রহণ করেন। পরে বিলটি স্থিরকৃত আকারে পাস হয়।
অধিবেশনের শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এমআই




