শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার পর জেনেভা ক্যাম্পে হঠাৎ অভিযান চালায় র‍্যাব। তবে অভিযানের খবর সকাল থেকেই ক্যাম্পে ছড়িয়ে পড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের অনেকে আগেই পালিয়ে যান। তারা কীভাবে আগে থেকে খবর পেয়েছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

র‍্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, অভিযানে তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্পকে ভালো মানুষের আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে। এখানে মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। অতীতে মাদক ব্যবসায়ীদের সম্পদ জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হয়েছে। অচিরেই তাদের নির্মূল করা হবে।

এ ছাড়া জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের শিশুদের স্কুলে পাঠানো এবং মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি। বাসিন্দাদের সহযোগিতায় ক্যাম্পে মাদক নির্মূল করা হবে বলেও উল্লেখ করেন তিনি।


বিজ্ঞাপন


একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর