‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দৃষ্টিগোচর হয় বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন রাতুলের পরিবারের পাশে দাঁড়ানোর। একইসঙ্গে শাহানুর নামে একজন পানি বিক্রেতা অসহায় নারীর প্রতিও সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় রাতুলের পরিবার এবং আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সঙ্গে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধি দল। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ দলের নেতৃত্ব দেন।
তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মো. রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা দেন। এছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
বিইউ/ক.ম




