ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও ঢাকা মেডিকেল কলেজ ঢামেকের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ঢাবির অমর একুশে হলের ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেছে।
বুধবার (৮ এপ্রিল) সংঘটিত এই সংঘর্ষের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, এ সংঘর্ষের সূত্রপাত ঘটে ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সদস্য মাহদি হাসান সানিমের চিকিৎসা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তিনি ছাত্রদলের প্যানেল থেকে হল সংসদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেছিলেন।
সিসিটিভি ফুটেজে মারামারিতে নেতৃত্ব দিতে দেখা যায় অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব এবং ছাত্রদলের প্যানেলের হল সংসদের আরেক সদস্য প্রার্থী মো. মমিন মিয়াকে।
এদিকে, এ ঘটনায় ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডিন অধ্যাপক নাদিম মোহাম্মদ, দুজন সহকারী প্রক্টর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন ডেপুটি ডিরেক্টর ও ইন্টার্ন কো-অর্ডিনেটর এবং পুলিশের রমনা জোনের ডিসি। ঘটনাটি তদন্তের পর ছয় সদস্যের কমিটি আগামী শনিবার সকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকেরা।
বিজ্ঞাপন
এসএইচ/এআর




