বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনলাইনে বিনিয়োগ ফাঁদে ৮৬ লাখ টাকা আত্মসাত, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

অনলাইনে বিনিয়োগ ফাঁদে ৮৬ লাখ টাকা আত্মসাত, দুজন গ্রেফতার

স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে একটি ভুয়া কোম্পানির নামে অভিনব কৌশলে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।  

গ্রেফতাররা হলেন দিনাজপুরের বিরামপুর থানার নিশিবাপুর গ্রামের মো. কায়েম উদ্দীনের ছেলে মো. মাসুম রানা (৩৮) ও একই থানার উত্তর কাটলা গ্রামের মো. আলিমুদ্দীন মণ্ডলের ছেলে মো. শামীম আক্তার (৩৬)। 


বিজ্ঞাপন


সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএতে কর্মরত সালেহ আহাম্মদ খান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারক চক্রের সঙ্গে পরিচিত হন। প্রতারকরা “ড্রিমপায়ারিং এমসিএস লি.” নামীয় একটি ভুয়া কোম্পানির পরিচয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে এবং হোয়াটসঅ্যাপে একটি ভুয়া চুক্তিপত্র পাঠায়। পরবর্তীতে বাদী সরল বিশ্বাসে নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা আসামিদের দেয় এবং প্রতারকরা মাসিক উচ্চ লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে সেই টাকা আত্মসাৎ করে।

অর্থ আত্মসাতের পর সালেহ আহমেদ আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে বিভ্রান্ত করে। একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় তাদের দেওয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন যে, উক্ত প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই এবং কোম্পানিটি সম্পূর্ণ ভুয়া। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। 

তদন্তের একপর্যায়ে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাসুম রানাকে গতকাল বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় একটি ফার্মেসি থেকে এবং শামীম আক্তারকে বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর