বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের প্রশংসা করল ইতালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

Bangladesh and itali
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। একইসঙ্গে ইতালীয় সমাজে প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক অবদানের স্বীকৃতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। এ সময় উভয় পক্ষই বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক বৃদ্ধিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান, বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সম্মতি হয়। দুই দেশ এসব ক্ষেত্রে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আলোচনায় অভিবাসন ও জনগণের চলাচল ইস্যুটি বিশেষ গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতালি ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার ওপর জোর দেন। বিশেষ করে বৈধ পথ সম্প্রসারণ, দক্ষতা অংশীদারিত্ব এবং ইতালির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শ্রমিক চলাচল জোরদারের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেন তারা।


বিজ্ঞাপন


বৈঠক শেষে রাষ্ট্রদূত আলেসান্দ্রো সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ অনিয়মিত অভিবাসন রোধে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। এখানকার প্রবাসীরা ইতালীয় সমাজে ইতিবাচক অবদান রেখে যাচ্ছেন। আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।’

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ইতালি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। অভিবাসন ইস্যুতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখতে দুই পক্ষ সম্মত হয়েছে।

এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর