মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে চার্চ ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রচারণা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। একইসঙ্গে সরকারের উচিত সচেতনতামূলক কার্যক্রমে বিশেষ জোর দেওয়া। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর রমনা আর্চবিশপ হাউজের পালকীয় কেন্দ্রে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের আয়োজিত এক সভায় এসব কথা উঠে আসে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ’স হাউসের হাউস সুপিরিয়র ফাদার আলবার্ট রোজারিও। তিনি বলেন, সব ধর্মের নেতাদের সমাজে প্রভাব থাকে। তারা সাধারণ মানুষকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখান। মানবপাচারের বিরুদ্ধেও তারা ভূমিকা রাখতে পারেন।
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা বলেন, ‘মানবপাচার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবৈধ ব্যবসা। মেয়েরা প্রায়ই পাচারকারী চক্রের খপ্পরে পড়ে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি ও ক্লাসরুমে সচেতনতা তৈরির উদ্যোগ নেব। পাশাপাশি গির্জার প্রার্থনার দিনগুলোতেও এ বিষয়ে সচেতনতামূলক আলোচনার সুযোগ রয়েছে।’
বিদেশে নার্সিং পেশার চাকরি দেওয়ার আড়ালে প্রতারণা চলছে মন্তব্য করে সালেসিয়ান সিস্টারস হাউসের ইনচার্জ সিস্টার ফ্লোরেন্স মিতা দাস (এসএসএমআই) বলেন, ‘আমাদের সম্প্রদায়ের অনেকেই নার্সিং পেশায় কাজ করতে বিদেশ যাচ্ছেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, বিদেশে পৌঁছানোর পর প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেককে প্রতারিত করা হচ্ছে। এই ধরণের প্রস্তাব মূলত পাচারের প্রাথমিক ধাপ, যা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার ব্লেইস এন্থনী গমেজ। স্বাগত বক্তব্য দেন শায়লা শারমিন।
মূল প্রবন্ধে ব্র্যাকের এসোসিয়েট ডিরেক্টর (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান বলেন, অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালানের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনেক মানুষ সাগরে প্রাণ হারাচ্ছে। সম্মিলিত চেষ্টায় এই সংকটের সমাধান করতে হবে।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। এতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন চার্চ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআইকে/এএইচ

