মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমিও এই বোনের সাথে সহমত, আমাকেও গ্রেফতার করুন: এমপি শফিকুল 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

আমিও এই বোনের সাথে সহমত, আমাকেও গ্রেফতার করুন: এমপি শফিকুল 
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যামে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের পথ ধরলে পরিস্থিতি ভয়াবহ হবে- আমিও এই বোনের মতের সাথে সহমত পোষণ করি, আমাকেও গ্রেফতার করুন।


বিজ্ঞাপন


এছাড়াও বিবি সাওদাকে গ্রেফতার ‘বাক্‌স্বাধীনতার উপর আঘাত’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেম। 

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, একজন সাধারণ নারী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। তার অপরাধ — সরকারের নীতির সমালোচনা।

তিনি আরও বলেন, গত ০৫-০৬ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। মতপ্রকাশের কারণে একজন নারীকে রাত ৮টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া — এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি ভয় দেখানোর রাজনীতি।


বিজ্ঞাপন


৫৪ ধারা বহুদিন ধরেই বিচারব্যবস্থার অপব্যবহারের হাতিয়ার হিসেবে চিহ্নিত। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের ঘরে ঢুকে গ্রেফতার করা — এই প্রবণতা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত। বিবি সাওদার অবিলম্বে মুক্তি দাবি করছি।

প্রসঙ্গত, গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন খানের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের ফেসবুক আইডি থেকে বিবি সাওদা সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

টিএই/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর