সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রার্থীদের ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।


বিজ্ঞাপন


ইসি সচিব বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময়সীমা ছিল এক মাস গেজেট পাবলিকেশনের পর থেকে। কয়েকজন আমাদের কাছে আবেদন করেছেন, তাদের সময়সীমাটা বিভিন্ন কারণে যেমন অসুস্থতা আছে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হচ্ছে না। তো সেটা কমিশন বলেছে ঠিক আছে আরও এক মাস সময় বাড়িয়ে দেওয়া হবে, যাতে তারা তাদের ব্যয়ের রিটার্নগুলো দিতে পারেন।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। আরপিও অনুযায়ী গেজেট প্রকাশ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হয় প্রার্থীদের। সে অনুযায়ী গত ২৫ মার্চ এ সময় শেষ হয়েছে। এক্ষেত্রে অনেক প্রার্থীর সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।

আরপিও অনুযায়ী, ১০ হাজার টাকা জরিমানা দিয়ে এই মাস সময় শেষ হলে আরও ১৫ দিন সময় বাড়িয়ে নেওয়া যাবে। এরপরও না দিলে প্রার্থিতা বাতিল কিংবা দুই থেকে সাত বছরের জেল এবং অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে।


বিজ্ঞাপন


ভোটার দিবস নিয়ে ইসি সচিব বলেন, ভোটার দিবস (২মার্চ) প্রতিপালন সম্পর্কে একটা আলোচনা হয়েছে যে, ভোটার দিবসটা আমরা করিনি। আমরা বলেছিলাম, ভোটার দিবসটা আমরা একটু অর্থবহভাবে আরও একটু আনুষ্ঠানিকভাবে করতে চাই। এখনকার পরিস্থিতিতে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে এ অনুষ্ঠান পালন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আখতার আহমেদ বলেন, আজকের সভায় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর