বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও মাকদ বিক্রির নগদ টাকাসহ মাদক সম্রাট ও নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো (উত্তর) উত্তরা সার্কেল টিম।
এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৪০০ গ্রাম হিরোইন, মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রোর (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ।
গ্রেফতারকৃতরা হলেন- হোসনে আরা বেগম ও মো. ইদ্রিস।
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে বিকেল ৫টায় ঢাকা মহানগরের ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রিন পার্ক আলহেরা মসজিদের পাশে একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হিরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগমকে হাতেনাতে আটক করা হয়।
এরপর গোপন তথ্য এবং হোসনে আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা এলাকার সাগর আহম্মেদের তৃতীয় তলা বিল্ডিংয়ের ভাড়াটিয়া মো. ইদ্রিসের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে অধিদফতরের উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসনে আরা বেগম জানান, যশোরের বেনাপোল সীমান্ত থেকে হিরোইন সংগ্রহ করেন এবং পুরান ঢাকার দয়াগঞ্জসহ আরও কয়েকটি স্পটে হিরোইনের মূল যোগানদাতা হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করেন। এছাড়া, ইয়াবা সম্রাট মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ইয়াবা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন স্পটে সরবরাহ করেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা ভারত সীমান্ত থেকে সংগ্রহকৃত এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করে থাকেন।
মাদক উদ্ধার স্পট ভিন্ন হওয়ায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একেএস/এএইচ

