রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফের সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিটের মুলতবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে গণভোটসহ আলোচিত ১৬ অধ্যাদেশ

জাতীয় সংসদে ফের শব্দ ও মাইকজনিত সমস্যার কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। রোববার (০৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে এই প্রযুক্তিগত ত্রুটির সৃষ্টি হয়, যার ফলে এক পর্যায়ে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

বিকাল প্রায় ৫টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ করেই সংসদের মাইক ও সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। এতে সংসদ সদস্যদের বক্তব্য ঠিকভাবে শোনা যাচ্ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজেও বক্তব্য শুনতে পাচ্ছিলেন না বলে জানান।


বিজ্ঞাপন


এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু শব্দ বিভ্রাটের কারণে তার বক্তব্য পরিষ্কারভাবে শোনা না যাওয়ায় অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার একাধিকবার সদস্যদের উদ্দেশ্যে জানতে চান, তারা তার কথা শুনতে পাচ্ছেন কি না। তবে সমস্যার সমাধান না হওয়ায় তিনি অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

মুলতবি ঘোষণার সময় স্পিকার বলেন, মাইক ও শব্দযন্ত্রের ত্রুটির কারণে আপাতত অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মাগরিবের আজানের সময় ঘনিয়ে আসায় নির্ধারিত বিরতির মধ্যেই যন্ত্রপাতি ঠিক করা হলে পুনরায় অধিবেশন শুরু হবে।

উল্লেখ্য, এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন একই ধরনের শব্দ বিভ্রাট দেখা দিয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে বিষয়টি নাশকতা বা অন্তর্ঘাত কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত ওই কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সংসদে পুনরায় একই ধরনের সমস্যার উদ্ভব হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বারবার এ ধরনের প্রযুক্তিগত ত্রুটি উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর সমাধান প্রয়োজন।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর