ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে ‘গোপন চুক্তি’ হয়েছে দাবি করে যে খবর ছড়ানো হচ্ছে, তা নিয়ে অবশেষে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানালেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই।’
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। কেউ কেউ বলছেন, এই চুক্তির কারণে তেল আমদানির জন্য আমাদেরকে আমেরিকার কাছে অনুমতি চাইতে হচ্ছে, এটা একেবারে মিথ্যা কথা।’
তিনি বলেন, ‘রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশেরই স্যাংশন আছে। সাশ্রয়ী মূল্যে যেকোনো সোর্স থেকে তেল কিনবে বাংলাদেশ।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখাসহ জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সাহায্য করার কথাও জানান আমেরিকান রাষ্ট্রদূত।’
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি।’
সাবেক অন্তর্বর্তী সরকারে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন ড. খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে বিএনপি।
এএইচ

